রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে বেতনসহ বিভিন্ন দাবীতে আন্দোলনরত গার্মেন্টস শ্রমিকদের ওপর পুলিশ গুলি চালিয়েছে বলে অভিযোগ ওঠেছে। এসময় গুলিবিদ্ধ হয়েছেন ৯ গার্মেন্টস কর্মী। মঙ্গলবার (১৬ মার্চ) সকাল ১১টার দিকে তেজগাঁওয়ের তিব্বত এলাকায় এই ঘটনা ঘটে। আহতদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহতরা হলেন, আমিনা (২৭), নাহিদা (২২), আনোয়ারা (২৫), আনজিলা (২৬), হোসনা আরা (২৭), পারভিন আক্তার (২৮), হাসিনা বেগম (৪০) ও অঞ্জনা আক্তার (৩০)।
আহতদের হাসপাতালে নিয়ে আসা গার্মেন্টস শ্রমিক ফারুক আহমেদ বলেন, সকাল ১১টায় তেজগাঁওয়ের তিব্বত এলাকায় অ্যাপারেল স্টিচ লিমিটেডে আমরা আমাদের বেতন-বোনাসসহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলন করি। মালিকের লোকের সঙ্গে কথা বলার সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই পেছন দিক থেকে পুলিশ আমাদের ওপর গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয় অনেকেই। পরে আহত অবস্থায় সবাইকে উদ্ধার করে দুপুরে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।
ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, গুলিবিদ্ধসহ আহত নয়জন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।
বার্তাবাজার/এসজে