ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরকারি জমিতে টঙ দোকান করে জীবন পার করছিলেন আলমগীর হোসেন নামের এক ব্যক্তি। তার দোকান ঘরটি সরিয়ে দিতে স্থানীয় এক ব্যক্তি গত কিছুদিন ধরেই বলছিলেন। কিন্তু দোকানটি না সরানোয় পেট্রোল ঢেলে দোকান ঘরটি পুড়িয়ে দেওয়া অভিযোগ উঠেছে।
বিষয়টি নিয়ে থানায় কয়েকজনের নাম উল্লেখ করে অভিযোগ দেওয়া হলে পুলিশ বিষয়টি সাধারণ ডায়েরি করেন।
উপজেলার রাজিবপুর ইউনিয়নের ভাটিরচরনওপাড়া গ্রামের আলমগীর হোসেন লাটিয়ামারি বাজারে ছোট টঙ দোকান করে সংসার চালাতেন। বাজার ব্যবসায়ীর লোকজনের সাথে আলাপ করে বাজারের সরকারি জমিতে দোকানঘর করে ব্যবসা করছিলেন। কিন্তু সম্প্রতি তার দোকানঘরটির কাছে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি মার্কেট নির্মাণের কাজ শুরু করেন। টঙ ঘরটি সরিয়ে নিতে চাপ শুরু করেন রফিকুল। এ নিয়ে বাজার সমিতির কাছেও যায় দুই পক্ষ। কিন্তু আলমগীরের দোকানটি সরাতে সম্মত হয়নি বাজার সমিতি। টঙ ঘরটি না সরানোয় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়।
গত বৃহস্পতিবার রাতে দোকান ঘরটি পুড়িয়ে দেওয়া হয়। বিষয়টি নিয়ে শুক্রবার থানায় একটি লিখিত অভিযোগ দেন আলমগীর হোসেন। এতে রফিকুল ইসলাম ও দেলোয়ার হোসেনকে আসামী করা হয়। কিন্তু পুলিশ বিষয়টি সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করে। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শনও করেন।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী আলমগীর হোসেন বলেন, তার দোকানটি না সরানোয় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে রফিকুল ও তার লোকজন। তিনি এখন পথে বসেছেন।’
তবে রফিকুল ইসলাম অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, নিজের মার্কেট করায় সামনে থেকে দোকানটি সরাতে বলেছিলেন। কোনো হুমকিও দেননি।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. আবদুল কাদের মিয়া বলেন, বিষয়টি নিয়ে সাধারণ ডায়েরি হয়েছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বার্তাবাজার/পি