আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টিতে আজ মাঠে নামে বাংলাদেশ ইমার্জিং দল। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৪ রান করে বাংলাদেশ।
ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। রানের খাতা না খুলে পারভেজ হোসেন ইমন ও ৮ রান করে মাহমুদুল হাসান জয় সাঝঘরে ফিরেন। শুরুতে দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ে টাইগাররা।
এরপর অধিনায়ক সাইফ হাসানের সঙ্গে দলকে এগিয়ে নেওয়ার দায়িত্ব নেন ইয়াসির আলি। কিন্তু তিনিও বড় স্কোর করতে ব্যর্থ হন। ১৬ বলে ২২ রান করে ফিরেন। হাফসেঞ্চুরির খুব কাছে গিয়েও পারেননি সাইফ।
৩৬ বলে ৫ চার ও ১ ছয়ে ৪৮ রানের ইনিংস খেলেন বিদায় নেন তিনি। এরপর ক্রিজে নেমে তাণ্ডব চালান শামীম হোসেন পাটোয়ারি। ১১ বলে ৪ ছয়ে ২৮ রান করে ফিরেন তিনি।
শামীমের বিদায়ের পর মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়ে রানের গতি বাড়াতে থাকেন তৌহিদ হৃদয়। হাফসেঞ্চুরির দেখা পান হৃদয়। ২৮ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ৩৫ বলে ৭ চার ও ১ ছয়ের সাহায্যে ৫৮ রানের ইনিংস খেলে ফিরেন তিনি। অন্যদিকে ৯ রান করে ফিরেন অঙ্কন।
শেষ পর্যন্ত আমিনুল ইসলাম বিপ্লব ১ ও সুমন খান ২ রানে অপরাজিত থাকেন। এতে ৭ উইকেট হারিয়ে ১৮৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। জয়ের জন্য আয়ারল্যান্ড উলভসের প্রয়োজন ১৮৫ রান।
বার্তাবাজার/নব