বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল রিজভী বলেছেন, ‘জিয়াউর রহমানকে ভিলেন বানানোর কতো চেষ্টা করা হয়েছে যে, কি ব্যাপার তুমি স্বাধীনতার ঘোষণা করলে কেনো। এ কারণে তাদের এতো ক্ষোভ, এতো জ্বালা।
এজন্য তারা কতো নতুন নতুন তত্ত্ব দেয়। এবার দিয়েছে ২৫ ও ২৬ মার্চ নাকি যারা ব্যারিগেট দিয়েছেন তাদেরকে গুলি করে হত্যা করেছে জিয়াউর রহমান।’
মঙ্গলবার (১৬ মার্চ) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।
বেগম খালেদা জিয়া, তারেক রহমান, ব্যারিস্টার মওদুদ আহমেদ, বেগম সেলিমা রহমান ও ডা. ফরহাদ হালিম ডোনারসহ বিএনপির সকল জাতীয় নেতৃবৃন্দের সুস্থতা কামনায় এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, ওলামা দলের আহ্বায়ক মাওলানা শাহ মো. নেছারুল হক, সদস্য সচিব মাওলানা নজরুল ইসলাম প্রমুখ।
বার্তাবাজার/নব