ঘুমের মধ্যেই পুড়ে ছাই হলো ছোট্ট ৩ ভাই-বোন
কক্সবাজারের চকরিয়ায় ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে ৩ ভাই-বোন নিহত হয়েছে।
সোমবার(১৫ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাবান ঘাটা গ্রামে জাকের হোসেন মিস্ত্রির ঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় এই মৃত্যু হয়।
অগ্নিকাণ্ডের ফলে মুহূর্তের মধ্যেই পুরো ঘরে ছাড়িয়ে পড়ে আগুন। বয়স্করা বের হয়ে প্রাণে বাঁচলেও অগ্নিদগ্ধে মারা যায় জাকের হোসেনের ২ মেয়ে ও এক শিশু সন্তান।
অগ্নিদগ্ধ হয়ে নিহতরা হলেন- মো. জিহাদ (১২), তার দুই ছোট বোন ফৌজিয়া জন্নাত মিম (৯) ও আফিয়া জন্নাত মিতু (৭)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হারবাং ইউনিয়নের চেয়ারম্যান মিরানুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডে ৩ শিশুর মৃত্যুর সংবাদ পেয়ে রাত ১টার পর থেকে ঘটনাস্থলে রয়েছি।
চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, অগ্নিকাণ্ডে ৩ শিশুর মৃত্যুর সংবাদ পেয়ে হারবাং পুলিশ ফাড়ির ইনচার্জ মাহতাব উদ্দিনসহ একদল পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
বার্তাবাজার/পি