প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মাধবদী থানা আওয়ামী লীগের আহ্বায়ক সফর আলী ভুঁইয়া।
সোমবার (১৫ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
এর আগে গত ৯ মার্চ করোনার উপসর্গ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। দীর্ঘদিন ধরে তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।
সফর আলী ভুঁইয়ার মেয়ের জামাই আলী হোসেন শিশির জানান, গত বুধবার রাতে সদর উপজেলা চেয়ারম্যান সফর আলী ভূঁইয়ার হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে তাকে ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে পরদিন তাকে ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে তার নমুনা পরীক্ষায় কোভিড পজিটিভ আসলে তাকে করোনা ইউনিটে স্থানান্তর করা হয়।
১৩ মার্চ তার অবস্থার আরও অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। লাইফ সাপোর্টেই সোমবার (১৫ মার্চ) মৃত্যু হয় তার। মঙ্গলবার (১৬ মার্চ) বেলা ১১টায় মাধবদীর ভগীরথপুর হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।
বার্তাবাজার/এসজে