মিছিলে না যাওয়ায় রাস্তা বন্ধ করে দিল যুবলীগ নেতা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে যুবলীগ সভাপতির পক্ষে মিছিলে না যাওয়ায় ক্ষিপ্ত হয়ে রূপসদী রাধা গোবিন্দ মন্দিরে আসা-যাওয়ার দুটি পথ বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. জাকির হোসেনের বিরুদ্ধে।

বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী খানেপাড়ায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় ক্ষুব্ধ গোটা রূপসদী গ্রামবাসী।

খোঁজ নিয়ে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী সুজন স্মৃতি কলেজে গত শনিবার নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠান হয়। এ অনুষ্ঠানে রূপসদী ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. জাকির হোসেনের মিছিলে যেতে রূপসদী গ্রামের খানেপাড়া হিন্দু সম্প্রদায়ের লোকদের দাওয়াত দেয়। একই পাড়ার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ফেরদাউস মিয়া ও হিন্দু সম্প্রদায়ের লোকজনকে তার মিছিলে যেতে দাওয়াত দেয়।

এনিয়ে বিপাকে পড়েন হিন্দু সম্প্রদায়ের মানুষ। দুইপক্ষ থেকে দাওয়াত দেওয়ায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ কোনো পক্ষের মিছিলে না যাওয়ার সিদ্ধান্ত নেয়। এতে ক্ষিপ্ত হন রূপসদী ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. জাকির হোসেন।

পরদিন রোববার তিনি রূপসদী খানেপাড়া রাধা গোবিন্দ মন্দিরে আসা-যাওয়ার প্রধান রাস্তা বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছেন। ফলে অন্যদিক দিয়ে ঘুরে মন্দিরে ও বাজারে আসা-যাওয়া করতে হচ্ছে তাদের। এ নিয়ে সংখ্যালঘু মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে রূপসদী ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেন বলেন, মন্দিরে ঢোকার যে রাস্তাটায় বেড়া দিয়েছি এটা আমাদের ব্যক্তিগত জায়গা। আমাদের বাড়ির নিরাপত্তার কারণে মূলত বাঁশের বেড়া দিয়েছি। আমার মিছিলে না যাওয়ার জন্য বেড়া দিয়েছি এটা মোটেও সঠিক না।

এ ব্যাপারে রূপসদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন মিয়া বলেন, যুবলীগ নেতা জাকিরের মিছিলে না যাওয়ায় খানেপাড়ার মন্দিরে আসা-যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে বাঁশের বেড়া দিয়ে। জায়গাটি তাদের পারিবারিক হলেও গত কয়েক যুগ ধরে খানেপাড়ার লোকজন এ রাস্তা দিয়ে চলাচল করছে। পুরো হিন্দুপাড়ার যাতায়াতের রাস্তা এভাবে বন্ধ করা সঠিক হয়নি। আমি ব্যক্তিগতভাবে এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

এ ব্যাপারে বাঞ্ছারামপুর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মিন্টু রঞ্জন সাহা বলেন, রূপসদী গ্রামের খানেপাড়ায় মন্দিরে যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়ার ঘটনাটি খুবই দুঃখজনক। কারও ব্যক্তিগত মিছিলের সাথে মন্দিরের রাস্তা বন্ধ করে দেওয়ার বিষয়টি মোটেও ঠিক হয়নি।

এ বিষয়ে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসির উদ্দিন সরোয়ার জানান, রূপসদী গ্রামের মন্দিরের রাস্তায় বাঁশের বেড়া দেওয়ার বিষয়টি শুনেছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেব।

এ বিষয়ে খানেপাড়া রাধা গোবিন্দ মন্দিরের সহ-সভাপতি কিংকর রায় বলেন, আমাদের মন্দিরে যাতায়াতের জন্য দুটি রাস্তা বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছেন জাকির হোসেন। গত শনিবার কলেজ মাঠের অনুষ্ঠানে তার সঙ্গে আমাদের পাড়ার কেউ না যাওয়ার কারণে এমনটা করেছেন।

এ বিষয়ে রূপসদী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ফেরদৌস মিয়া বলেন, ১৯৯৬ সালে সরকারি অর্থায়নে আমাদের মন্দিরে যাওয়ার জন্য এ রাস্তা নির্মাণ করা হয়েছিল। এ রাস্তার কাজটা বাস্তবায়ন করেছি আমি নিজেই। যুবলীগ নেতা জাকির হোসেন মিছিলে না যাওয়ায় হিন্দু সম্প্রদায়ের মন্দিরে আসা-যাওয়ার রাস্তায় বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছেন। এ বিষয়টা মোটেও ঠিক না।-যুগান্তর।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর