পাবনার বেড়ায় গাছ কাটা নিয়ে বিরোধের জেরে বড় ভাই ও ভাতিজাদের লাঠির আঘাতে কালাম শেখ (৪০) নামের একজন নিহত ও তিনজন আহত হয়েছে। সোমবার (১৫ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চাকলা ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
পরিবার সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে বাড়ির গাছ কাটাকে কেন্দ্র করে দুই ভাই ও ভাতিজাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এ সময় কালামের আপন বড় ভাই কুদ্দুস এবং তার দুই ছেলে সেলিম ও মোতাহার তাকে লাঠি দিয়ে বেদম মারপিট করলে কালাম শেখ মাটিতে লুটিয়ে পড়ে। গুরুতর আহত কালাম শেখকে স্থানীয়দের সহায়তায় বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কাশেম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বার্তা বাজারকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মোঃ মাসুদ রানা/বার্তাবাজার/হৃ.আর