যৌতুক না পাওয়ায় গৃহবধূর চোখ উঠানোর চেষ্টা স্বামীর

মাদারীপুরের কালকিনিতে দাবিকৃত যৌতুকের টাকা দিতে না পারায় সাদিয়া বেগম (২১) নামে এক গৃহবধূর চোখ উঠানোর চেষ্টাসহ মধ্যযুগীয় কায়দায় শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এদিকে, থানা পুলিশের সহযোগীতায় গুরুতর আহত অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে বরিশাল সেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় উপজেলার ডাসার থানায় স্বামীসহ ৮ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার। নির্যাতনের শিকার ওই গৃহবধূ উপজেলার গোপালপুর এলাকার পশ্চিম বনগ্রামের অসহায় কৃষক বারেক চৌকিদারের মেয়ে।

ভুক্তভোগী পরিবার ও মামলা সুত্রে জানা গেছে, মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুর এলাকার পশ্চিম বনগ্রামের অসহায় কৃষক বারেক চৌকিদারের মেয়ে সাদিয়া বেগমের সাথে একই উপজেলার বালিগ্রামের গুঙ্গিয়াকুল এলাকার কাসেম মোল্লার প্রবাসী ছেলে নাসির মোল্লার প্রায় এক বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়। এরপর থেকেই বিভিন্ন সময় স্বামী নাসির যৌতুকের টাকার জন্য চাপ প্রয়োগ করতে থাকে। কিন্তু সাদিয়ার পরিবার অতি দরিদ্র হওয়ায় দাবিকৃত টাকা দিতে ব্যর্থ হয়।

এতে ক্ষিপ্ত হয় নাসির। গত শনিবার (১৩ মার্চ) দুপুরে পরিবারের লোকজন নিয়ে সাদিয়ার দু’চোখ উঠানোর চেষ্টাসহ মধ্যযুগীয় কায়দায় শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে। পরে ওই গৃহবধূর পরিবার খবর পেয়ে উপজেলার ডাসার থানা পুলিশের সহযোগীতায় গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বরিশাল সেবাচিম হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় নির্যাতিত গৃহবধূর মা পারভীন বেগম বাদী হয়ে স্বামী নাসির মোল্লাসহ ৮ জনকে আসামী করে ডাসার থানায় একটি মামলা দায়ের করেছেন।। এদিকে, ঘটনার পর থেকেই স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে।

মামলার বাদী পারভীন বেগম কান্না জড়িত কন্ঠে বার্তা বাজারকে বলেন, জামাই নাসিরের দাবীকৃত যৌতুকের টাকা দিতে না পারায় আমার মেয়েকে দিনের পর দিন প্রচন্ড মারধর করে। এবং তার পরিবারের লোকজন নিয়ে আমার মেয়ের দু’চোখ উঠানোর চেষ্টা করে। তাই আমি তাদের নামে মামলা করেছি।

অভিযুক্ত নাসির মোল্লার সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

কালকিনির ডাসার থানার এসআই মোঃ রিপন মোল্লা বার্তা বাজারকে বলেন, খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ওই গৃহবধূকে আহত অবস্থায় উদ্ধার করেছি। নির্যাতনের বিষয় মামলা হয়েছে। আসামি গ্রেফতারের জন্য জোর চেষ্টা চলছে।

আকাশ আহম্মেদ সোহেল/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর