রাজৈরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মেম্বরদের অভিযোগের তদন্ত শুরু

তিন নারী সদস্যসহ ৯ ইউপি সদস্য অনাস্থা প্রকাশ করে মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদুর রহমান টিপুর বিরুদ্ধে আনীত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু হয়েছে।

সোমবার (১৫ মার্চ) সরেজমিনে এসে আমগ্রাম ইউপি ভবনে সকলের উপস্থিতে এ তদন্তকার্য শুরু করেন মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আজহারুল ইসলাম। এর আগে মেম্বরদের অভিযোগের বিষয়ে বার্তা বাজারসহ শতাধিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।

ইউনিয়নের ৯ জন মেম্বরের স্বাক্ষরিত বিভিন্ন দপ্তরে পাঠানো অভিযোগ পত্র সূত্রে জানা গেছে, মাদারীপুর জেলার রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুর রহমান টিপু ও সচিব অসীম কুমারের যোগসাজশে বিগত চার বছর যাবত পরিষদের অধিকাংশ নির্বাচিত সদস্যদের বাদ রেখে পরিষদের সকল সিদ্ধান্ত একাই নিয়ে বাস্তবায়ন করেন।

এলজি এসপি, ওয়ানপার্সেন্ট, কাবিখা, ৪০ দিনের কাজ এডিপিসহ সকল সরকারি প্রকল্পের কাজ নামকাওয়াস্তে দেখিয়ে প্রকল্পের টাকা উঠিয়ে নিজেই আত্নসাত করেন। টাকার বিনিময় ছাড়া জনসাধারন সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সেবা পায় না। গরীবদের কাছ থেকে ২০/৩০ হাজার টাকা নিয়ে দেয়া হচ্ছে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ঘর ও দুর্যোগ সহনীয় ঘর।

এমনকি চেয়ারম্যান জাহিদুর রহমান টিপু ও তার ভাই টনি, রনি এবং তার বডিগার্ড তাপষ ও সচিবের মাধ্যমে টিউবয়েল, বয়স্কভাতা, প্রতিবন্ধী ভাতা, ভিজিডি, ভিজিএফ কার্ড, ঘর ও বিধবা ভাতাসহ অন্যান্য ভাতা দেয়ার নাম করে সাধারন মানুষদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বলে তদন্ত কমিটির নিকট অভিযোগ তুলে ধরেন।

এছাড়াও নারী সদস্যদের সাথে অসাদাচরন, অবহেলা ও বসার জায়গা না দেয়া , মাসিক মিটিং না করা, পুরানো লোহার ব্রিজের মালামাল দিয়ে নতুন ব্রিজের নির্মান কাজ দেখিয়ে বিল তুলে নেয়ারও অভিযোগ করেন তারা।

চেয়ারম্যান জাহিদুর রহমান টিপু সমস্ত অভিযোগ অস্বীকার করে বার্তা বাজারকে বলেন, অভিযোগের তদন্ত চলছে। অভিযোগ প্রমানিত হলে সরকারের দেয়া যে কোন শাস্তি মাথা পেতে নেব।

সচিব অসীম কুমারও একই বক্তব্য দেন।

তদন্তকারি কর্মকর্তা মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) আজহারুল ইসলাম বার্তা বাজারকে বলেন, তদন্ত শেষ হলে প্রকৃত ঘটনা প্রকাশ করবো।

আকাশ আহম্মেদ সোহেল/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর