যশোরে অজ্ঞাত এক ব্যাক্তির (৩৮) গলিত মরদেহ ভৈরব নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত মরদেহের আংশিকের বেশি গলিত হবার কারনে তাকে চেনা যাচ্ছে না। সোমবার (১৫ মার্চ) বিকাল ৪ টার দিকে সদর উপজেলার ঘোড়াগাছি গ্রামে ভৈরব নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখা যায়।
যশোর কোতয়ালী থানার ওসি মোহম্মদ তাজুল ইসলাম অজ্ঞাত মরদেহ উদ্ধারের ব্যাপারে বার্তা বাজারকে জানান, আজ বিকাল ৪টার দিকে স্থানীয় ইউপি সদস্য জাহিদুল ইসলাম বিদুৎ মোবাইল ফোনে জানান নদীর ভেতরে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে আছে। এমন খবর পেয়ে তখনই ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।
তিনি বার্তা বাজারকে আরো বলেন, অজ্ঞাতনামা মরদেহের পরিচয় সনাক্তের জন্য ডিএনএ আলামত সংগ্রহ করা হয়েছে। কিভাবে এবং কেন তার মৃত্যু হয়েছে তা উদঘাটনের জন্য পুলিশ তদন্ত করছে।
যশোর ২৫০ শয্যা হাসপাতালের জরুরী বিভাগের (বক্ষব্যাধী) ডাক্তার আহম্মেদ তারেক সামস বার্তা বাজারকে জানান, এই মুহুর্তে নির্দিষ্ট করে বলা কঠিন তবে পাঁচ থেকে সাতদিন আগে তার মৃত্যু হয়েছে। কি কারনে তার মৃত্যু হয়েছে এটা ময়নাতদন্ত রিপোর্ট আসলে পরিস্কারভাবে জানা যাবে।
এ্যান্টনি দাস/বার্তাবাজার/হৃ.আর