মা-বাবার হত্যাকারী মাদকাসক্ত ঐশীর সাজা বৃদ্ধির আপিল খারিজ

রাজধানীতে পুলিশ কর্মকর্তা বাবা ও মাকে নির্মমভাবে হত্যার দায়ে অভিযুক্ত মাদকাসক্ত মেয়ে ঐশী রহমানের সাজা বাড়ানোর জন্য রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। একইসাথে ঐশীর যাবজ্জীবন কারাদণ্ড থেকে খালাস চেয়ে করা আবেদনের ওপর শুনানির জন্য গ্রহণ করেছেন।

সোমবার (১৫ মার্চ) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। আপিল বিভাগের এই আদেশের ফলে ঐশী রহমানের সাজা বাড়ানোর আর কোনো সুযোগ থাকলো না বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ বলেন, সাজা বৃদ্ধি চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ হয়ে যাওয়ায় এখন ঐশী রহমানের যাবজ্জীবন দণ্ড বহাল থাকবে কি না এই বিষয়ের আপিল শুনানি হবে।

আদালতে ঐশীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ফয়সাল এইচ খান। এর আগে ২০১৭ সালের ৫ জুন আলোচিত এই মামলায় ঐশী রহমানের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন হাইকোর্ট। ডেথ রেফারেন্স ও আসামির আপিল শুনানি করে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

উল্লেখ্য, এসবি পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান ২০১৩ সালের ১৬ আগস্ট তাদের চামেলীবাগের বাসায় খুন হন। ওই হত্যাকাণ্ড এবং তাতে রহমান দম্পতির কিশোরী মেয়ের জড়িত থাকার অভিযোগ নাড়িয়ে দেয় গোটা দেশ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর