নরেন্দ্র মোদির জন্য নিশ্ছিদ্র নিরাপত্তা গড়ে তোলা হবে: র্যাব ডিজি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার যশোরেশ্বরী মন্দিরে আগমন উপলক্ষে মন্দির ও হেলিপ্যাড এলাকার সার্বিক নিরাপত্তা এবং এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেন র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম,পিপিএম। সোমবার (১৫ মার্চ) দুপুরে তিনি মন্দির এলাকা পরিদর্শনে যান।
র্যাব মহাপরিচালক মন্দির প্রাঙ্গণ, হেলিপ্যাড স্থানসহ বিভিন্ন স্থান ঘুরে ঘুরে দেখেন এবং সার্বিক বিষয়ে খোঁজ খবর নেওয়া শেষে বলেন, ভারতীয় প্রধানমন্ত্রী শ্যামনগর সফরকে ঘিরে সমন্বিতভাবে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশের বিশেষ শাখার ডিজি মনিরুল ইসলাম, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্ণেল তোফায়েল মোস্তফা সরোয়ার, র্যাব-৬ এর কমান্ডিং অফিসার লেঃ কর্ণেল রওশনুল ফিরোজ, জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পিপিএম বার, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন সহ র্যাব-৬, উপজেলা নির্বাহী অফিসার আ ন ম আবুজর গিফারী, ওসি নাজমুল হুদা, প্রেসক্লাব সেক্রেটারী জাহিদ সুমনসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পরিদর্শনকালে সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম(বার) আগত কর্মকর্তাবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানানোসহ মন্দির ও হেলিপ্যাড এলাকার নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় সাতক্ষীরা জেলা পুলিশের গৃহীত নিরাপত্তা পরিকল্পনা সম্পর্কে আগত কর্তকর্তাদের মাঝে ডকুমেন্টারি উপস্থাপন করেন।
মীর খায়রুল আলম/বার্তাবাজার/হৃ.আর