ভিড় করা তরুণদের লাঠি দিয়ে তাড়ালেন মামুনুল হক
সুনামগঞ্জের দিরাই উপজেলা স্টেডিয়ামে হেফাজতে ইসলামের শানে রিসালাত সম্মেলনে যোগ দিয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সোমবার (১৫ মার্চ) দুপুরে হেলিকপ্টারে চড়ে নেতৃবৃন্দ সমাবেশস্থলে আসার সময় উপজেলার মজলিসপুর গ্রামে একদল তরুণ সেলফি তুলতে ভিড় জমায়।
তখন হেলিকপ্টারটি থেকে লাফিয়ে নীচে নামেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। তখন তরুণরা তার সাথেও ফেলফি তুলতে হুমড়ি খেয়ে পড়ে। এই অবস্থা ঠেকাতে সেখানে থাকা স্বেচ্ছাসেবকদের হাতে থাকা লাঠি নিয়ে তিনি তরুণদের তাড়িয়ে দেন।
তিনি ক্ষুদ্ধ হয়ে বলেন, ‘ইসলামের কথা বলার জন্য আজ দিরাই এসেছি। সেলফি ওঠাতে আসি নাই। বাংলাদেশে টিকটক, সেলফি আর ফেসবুক লাইভ নিয়ে সবাই ব্যস্ত। কেন ভাই? ওইসব ছাড়া কি আপনাদের কোনো কাজ নাই? আপনাদের মাথায় কি সমস্যা আছে যে লাইক পাওয়ার জন্য সব জায়গায় সেলফি তুলতে হবে?’
শানে রিসালাত সম্মেলনে যোগ দিতে হেলিকপ্টারে চড়ে সুনামগঞ্জের দিরাই উপজেলায় যান হেফাজতে ইসলামের আমীর আল্লামা জুনাইদ আহমদ বাবুনগরী।
এ সময় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর আল্লামা নুরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব জুনাইদ আল-হাবিব, যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক, যুগ্ম মহাসচিব নাছির উদ্দিন মুনিরসহ হেফাজতের কেন্দ্রীয় নেতারা তার সঙ্গে ছিলেন। হেলিকপ্টার থেকে নামার পর ৬০০ জনের স্বেচ্ছাসেবক দল তাদেরকে নিরাপত্তা দিয়ে এগিয়ে নিয়ে যায়।
বার্তাবাকার/এসজে