‘জাস্ট ঈশারা’ দিয়ে মানুষ হত্যা করাই আ’লীগের চরিত্র: রিজভী

‘জাস্ট ঈশারা’ দিয়ে মানুষ হত্যা করাই আওয়ামী লীগ সরকারের চরিত্র বলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (১৫ মার্চ) দুপুরে রাজধানীর নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সকল নেতাকর্মীদের সুস্থতা কামনায় নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত দোয়া মাহফিলে তিনি এই মন্তব্য করেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে রিজভী বলেন, আপনার ব্যক্তিগত বিষয়তো আপনার ভাই তুলে ধরছে, আপনারাই তুলে ধরছেন। বিএনপির আর কী বলার আছে? বিএনপির শুধু এটুকুই বলার আছে যে, আপনাদের সরকারের চরিত্রটাই একেবারে মাফিয়াদের মতন। ঘরের মধ্যে বসে থেকে ‘জাস্ট ঈশারা’ দিয়ে মানুষ হত্যা করাই আপনাদের সরকারে চরিত্র।

তিনি বলেন, ওবায়দুল কাদের সাহেব বলছেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে ব্যক্তিগত আক্রমণ করছে। ব্যক্তিগত আক্রমণ তো বিএনপি করছে না ওবায়দুল কাদের সাহেব, আপনি কী বলেন? ঘরের মধ্যে থেকে আপনার মানসিক সমস্যা হয়েছে। কারণ আপনাদের দলের অধিকাংশেরই মানসিক সমস্যা। আপনার ব্যক্তিগত সমস্যা আপনার আত্মীয়-স্বজনরাই তুলে ধরছে। আমাদের আর বলার কী দরকার? আমরা কেন ব্যক্তিগত আক্রমণ করবো?

রিজভী আরও বলেন, আপনার ছোটভাই বলছেন বেগমগঞ্জে অস্থিতিশীল পরিস্থিতির জন্য দায়ী আপনি। কোম্পানীগঞ্জের জন্য দায়ী তার ভাবি, অর্থাৎ আপনার স্ত্রী। এই যে গৃহবিবাদ সেটাও পত্রিকায় এসেছে। ওবায়দুল কাদের সাহেব, আপনার এলাকায় কী ঘটছে পত্রপত্রিকায় আপনি পড়েন না? আপনার ভাই কি বলছে, আপনার আওয়ামী লীগ নেতারা কী বলছে, আপনি শুনেন না?

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর