‘এখন মেয়র হয় গুণ্ডারা, মন্ত্রী হয় মাফিয়ারা’

বর্তমান সরকারের আমলে মাফিয়ারা মন্ত্রী ও গুণ্ডারা মেয়র হয়য় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তারা সবসময় মানুষের সঙ্গে গুণ্ডা-মাফিয়ার মতো আচরণ করে বলেও তিনি মন্তব্য করেন।

সোমবার (১৫ মার্চ) দুপুরে রাজধানীর নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সকল নেতাকর্মীদের সুস্থতা কামনায় নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত দোয়া মাহফিলে তিনি এই কথা বলেন।

রিজভী বলেন, ঘর থেকে বের হলে কেন যেন পরিচিত একটি দেশে বাস করছি বলে মনে হয় না। একটা স্বাভাবিক পরিবেশের মধ্যে আমরা আছি বলে মনে হয় না। গাড়িতে যখন আসি ডান দিকে বাম দিকে সবসময় উঁকি দেই। মনের মধ্যে আতঙ্ক থাকে, গাড়ি থামিয়ে গাড়ি থেকে বের করে ফেলবে কিনা বা গাড়ির ওপর আক্রমণ করবে কিনা? অথবা সিএনজিতে আছি, সিএনজি থামিয়ে আমাকে অদৃশ্য করে দেবে কিনা? এসব আতঙ্ক এসব ভয় আমাদেরকে প্রতিনিয়ত গ্রাস করে চলে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার তাপসকে ইঙ্গিত করে রিজভী বলেন, ওই যে ছেলেটি ঢাকা দক্ষিণের মেয়র হয়েছে ভোট ছাড়া, তার কথাবার্তা দেখুন। একটি ব্যারিস্টার ছেলে তার কথাবার্তাতো একটু মার্জিত হবে, পরিশীলিত হবে। কেমন যেন ‘ধররে, মাররে, কেটে ফেলবো’ এই ধরনের তার কথাবার্তা। তার ফলাফল বহিঃপ্রকাশ দেখেন। তিনি গোপালগঞ্জ যাবেন সেখানে ফেরিতে দু’জন লোক পুলিশের অনুমতিতে উঠেছে। তার সিকিউরিটি যারা ছিলেন তারা তাদের মেরে মাথা ফাটিয়ে দিয়েছে।

তিনি বলেন, তাপস আপনি কে? আপনার ওই ফেরিতে একজন সাধারণ মানুষ যেতে পারবে না আর গেলে পরে রক্তাক্ত হবে? আপনি মেয়র নামের অযোগ্য। আপনি বিনা ভোটের মেয়র বলেই আপনার মধ্যে মানবতা নেই। আপনার মধ্যে ন্যূনতম কোনো সংস্কৃতি নেই। আপনি একটা গুণ্ডার মতো আচরণ করছেন।

রিজভী আরও বলেন, যারা জনগণের ভোটে মেয়র হয় না তারা হয় বেপরোয়া, জমিদার। এই দেশটা কি আপনাদের জমিদারি? ফেরি কি আপনাদের ব্যক্তিগত মালামাল যে আপনি ছাড়া আর কেউ উঠতে পারবে না। আর উঠলে পরে পরিণাম হবে রক্তাক্ত হওয়া।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর