রোজার আগে দেশের বাজারে ভোজ্যতেলের দাম বাড়িয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির কারণ দেখিয়ে ভোজ্যতেলের দাম বৃদ্ধি করা হয়েছে।
সোমবার (১৫ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয়ের অত্যাবশ্যকীয় পণ্য বিপণন ও পরিবেশক বিষয়ক জাতীয় কমিটির সভায় তেলের দাম পুননির্ধারণের সিদ্ধান্ত হয় বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মিল গেইটে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১১৩ টাকা, আর খুচরা বাজারে বিক্রি হবে ১১৭ টাকা দরে। আগে মিল গেইটে এই তেলের দাম ছিল ১০৭ টাকা ও খুচরায় ছিল ১১৫ টাকা।
এছাড়া বোতলজাত এক লিটার সয়াবিন তেলের দাম মিল গেইটে ১২৭ টাকা, ডিলার পর্যায়ে ১৩১ এবং খুচরায় ১৩৯ টাকা নির্ধারণ করা হয়েছে। যা আগে ছিল ১৩৫ টাকা।
আর ৫ লিটারের বোতল মিল গেইটে ৬২০ টাকা, ডিলার পর্যায়ে ৬৪০ টাকা এবং খুচরা পর্যায়ে ৬৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া প্রতি লিটার খোলা পাম তেলের দাম নির্ধারণ করা হয়েছে মিল গেইটে ১০৪ টাকা, ডিলার পর্যায়ে ১০৬ টাকা এবং খুচরায় ১০৯ টাকা নির্ধারণ করেছে সরকার।
বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন ও পাম তেলের মূল্যে অস্থিতিশীলতা থাকায় আন্তর্জাতিক বাজার অনুযায়ী স্থানীয় মূল্য সমন্বয় করা হয়েছে।
বার্তাবাজার/নব