সাতক্ষীরা সীমান্তে ১৫টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক
সাতক্ষীরার সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ১৫টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।
সোমবার (১৫ মার্চ) সদর উপজেলার ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষীদাড়ি সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটকের নাম হাফিজুল ইসলাম। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা গ্রামের সামসুদ্দীন গাজীর ছেলে।
সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, স্বর্ণের একটি বড় চালান বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদে বিজিবি ভোমরা বিওপির টহল দলের সদস্যরা অভিযান চালায়। অভিযানকালে ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষীদাড়ি এলাকায় সীমান্ত বেড়িবাঁধের কাছ থেকে চোরাকারবারি হাফিজুলকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি প্যাকেটে রক্ষিত ১৫টি স্বর্ণের বার, এক কেজি ৭৫০ গ্রাম ওজনের স্বর্ণ উদ্ধার করা হয়ে।
বিজিবি অধিনায়ক আরো বলেন, উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য নির্ধারণের কাজ চলছে। এছাড়া আটক চোরাকারবারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।
বার্তাবাজার/পি