মেয়র কাদের মির্জার বিরুদ্ধে আরও একটি মামলা

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে আদালতে আরও একটি মামলা করা হয়েছে।

সোমবার (১৫ মার্চ) দুপুরে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২নং আমলি আদালতে দ্রুত বিচার আইনে মামলাটি করেন বীর মুক্তিযোদ্ধা ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খানের স্ত্রী আরজুমান পারভীন।

মামলায় কাদের মির্জার ভাই শাহাদাত হোসেনকে দ্বিতীয় ও ছেলে মির্জা মাশরুর কাদের তাসিককে তৃতীয় আসামি করা হয়েছে।

মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাড. হারুন অর রশিদ হাওলাদার জানান, গত ৮ মার্চ সন্ধ্যায় কোম্পানীগঞ্জের বসুরহাটে মেয়র আবদুল কাদের মির্জা ও তার লোকজন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের ওপর হামলা চালিয়ে তাকে মারধর করে।

এ সময় হামলাকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতংক সৃষ্টি করে। এ ঘটনায় মামলার বাদী আরজুমান পারভীন কোম্পানীগঞ্জ থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি।

এ কারণে সোমবার আদালতে মামলাটি দায়ের করেন পারভীন। আদালতের বিজ্ঞ বিচারক এস এম মোসলে উদ্দিন মিজান বিকাল ৩টায় মামলাটির শুনানির সময় নির্ধারণ করেন।

উল্লেখ্য, এর আগে গতকাল রোববার একই আদালতে আবদুল কাদের মির্জাসহ ১৬৪ জনের নাম উল্লেখ করে আলাউদ্দিন হত্যার ঘটনায় একটি মামলা করা হয়।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর