হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ইশরাক হোসেনের প্রেস সচিব সুজন মাহমুদ।
তিনি জানিয়েছেন, রোববার রাত থেকে জ্বর-সর্দি-কাশিতে ভুগছেন ইশারাক। আপাতত বাসায় থেকেই তিনি ডাক্তারের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন সুজন।
এদিকে ইশরাকসহ দলের অন্যান্য অসুস্থ নেতাদের দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১৫ মার্চ) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে ফখরুল বলেন, আমাদের তরুণ নেতা সর্বশেষ ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ধানের শীষের প্রার্থী ছিলেন তিনি হঠাৎ ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন দেশবাসীর কাছে আমরা দোয়া চাই।
তিনি আরও বলেন, আমাদের দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ অত্যান্ত সংকটাপন্ন অবস্থায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন, ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী করোনা আক্রান্ত হয়ে সিএমএইচ-এ ভর্তি, স্থায়ী কমিটির অপর সদস্য সেলিমা রহমান ইউনাইটেড হাসপাতালে ভর্তি এবং চেয়ারপারসনের উপদেষ্টা প্রফেসর ডা. ফরহাদ হালিম ডোনার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। আমরা সবার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।
বার্তাবাজার/নব