পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে ভারত। এই জয়ে সিরিজে ১-১ সমতায় ফিরেছে তারা। প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরেছিল ভারত।
রোববার (১৪ মার্চ) টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৬৪ রান করে ইংল্যান্ডের। দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন জেসন রয়। ৩৫ বলে ৪ চার ও ২ ছয়ে এই ইনিংস খেলেন তিনি।
এছাড়াও ইয়ন মরগান ২৮, বেন স্টোকস ২৪, ডেভিড মালান ২৪ ও জনি বেয়ারস্টো ২০ রান করেন। ভারতের হয়ে ওয়াশিংটন সুন্দর ও শার্দূল ঠাকুর ২টি করে, ভুবেনেশ্বর কুমার ও যুজবেন্দ্র চাহাল ১টি করে উইকেট শিকার করেন।
১৬৫ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ফিরেন লোকেশ রাহুল। স্যাম কারানের বলে উইকেটের পেছনে জস বাটলারকে ক্যাচ দিয়ে কোনো রান না করে ফেরেন তিনি। এরপর অভিষিক্ত ইশান কিশানকে নিয়ে রানের গতি বাড়াতে থাকেন অধিনায়ক বিরাট কোহলি।
৯৪ রানের জুটি গড়েন তারা। ৩২ বলে ৫ চার ও ৪ ছয়ে কিশান ৫৬ রান করে ফিরলে এই জুটি ভাঙে। এরপর ১৩ বলে ২৬ রান করে বিদায় নেন ঋষভ পান্ত। তবে শ্রেয়াস আইয়ারকে নিয়ে জয় তুলে মাঠ ছাড়েন কোহলি।
কোহলি ৭৩ ও আইয়ার ৮ রানে অপরাজিত ছিলেন। দুর্দান্ত ইনিংস খেলার কারণে ম্যাচসেরা হয়েছেন অভিষিক্ত কিশান। ইংল্যান্ডের হয়ে স্যাম কারান, আদিল রশিদ ও ক্রিস জর্ডান ১টি করে উইকেট শিকার করেন।
বার্তাবাজার/নব