৩২ মিনিটে হ্যাটট্রিক করে সমালোচনার জবাব দিলেন রোনালদো

উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে পোর্তোর বিপক্ষে অনেকটাই নিষ্প্রভ ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেই ম্যাচে খুঁজে পাওয়া যায়নি তাকে। এরপর তাকে নিয়ে সমালোচনা শুরু হয়।

এবার সেই সমালোচনার জবাব দিয়েছেন রোনালদো। সেটাও আবার পারফেক্ট হ্যাটট্রিক করে। ইতালিয়ান সিরি’আ লিগে রোববার রাতে কালিয়ারির মুখোমুখি হয় জুভেন্টাস। এই ম্যাচে মাত্র ৩২ মিনিটে হ্যাটট্রিক করেন রোনালদো। ৩-১ ব্যবধানে জয় পায় জুভেন্টাস।

ডান পা, বাম পা ও হেডে গোলের মাধ্যমে হ্যাটট্রিক করলে সেটিকে পারফেক্ট হ্যাটট্রিক হিসেবে ধরা হয়। সেটিই করেছেন রোনালদো। ম্যাচের ১০ মিনিটে হেডে গোল করে দলকে এগিয়ে নেন তিনি।

এরপর ২৫ মিনিটে পেনাল্টি থেকে ডান পায়ের শটে গোল করেন রোনালদো। ম্যাচের ৩২ মিনিটে বাম পায়ে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। এটি তার ক্যারিয়ারের ৫৭তম হ্যাটট্রিক।

তাতে ৩-০ গোলে এগিয়ে যায় জুভেন্টাস। তবে দ্বিতীয়ার্ধে একটি গোল শোধ করে কালিয়ারি। ম্যাচের ৬১ মিনিটে কালিয়ারির হয়ে গোলটি করেন জিওভানি সিমিওনি। এতে ৩-১ ব্যবধানে হেরে মাঠ ছাড়ে তারা।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর