দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের জন্য ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ৮টি ট্রাকে ১১১ মেট্রিক টন বিস্ফোরক আমদানি করা হয়েছে। যার বাজারমূল্য ১ কোটি ৫৩ লাখ টাকা।
রোববার (১৪ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে এ বিস্ফোরকদ্রবের ৮টি ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করে।
এদিকে বেনাপোল বন্দর থেকে বিস্ফোরকদ্রবের ৮টি ট্রাক চালান খালাসের জন্য প্রয়োজনীয় কাগজপত্র কাস্টমসে দাখিল করেছেন এএস ইন্টারন্যাশনাল নামে সিঅ্যান্ডএফ এজেন্ট। আনুসাঙ্গিক কাজ সম্পন্ন হলে ভারতীয় ট্রাক থেকে এসব বিস্ফোরক দ্রব্য খালাস করে বাংলাদেশি ট্রাকে নেওয়া হবে। পরে ট্রাকগুলো দিনাজপুরের উদ্দেশে বেনাপোল বন্দর থেকে ছেড়ে যাবে।
বন্দর সূত্র জানায়, ১ লাখ ২২ হাজার ৪৭২ ডলার মূল্যে ১১১ মেট্রিক টন ওজনের বিস্ফোরক দ্রব্য দিনাজপুর মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড ভারত থেকে আমদানি করছে। বাংলাদেশি টাকায় যার মূল্য ১ কোটি ৫৩ লাখ ২ হাজার ৫৮২ টাকা। এর আগে গত বছরের ৩০ ডিসেম্বর দশটি ট্রাকে ১২০ মেট্রিক টন বিস্ফোরক আমদানি করেছিল প্রতিষ্ঠানটি।
বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) আবদুল জলিল জানান, রোববার বিকালে ১ কোটি ৫৩ লাখ টাকা মূল্যের ১১১ টন বিস্ফোরকদ্রব্য দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের জন্য ভারত থেকে আমদানি করেছে।
বার্তাবাজার/পি