২ দিনের সফরে দেশের যেসব জায়গা পরিদর্শন করবেন মোদী

২৬শে মার্চ স্বাধীনতা দিবসে ২ দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম দিন জাতীয় স্মৃতিসৌধে সফরের পর স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। পরের দিন ২৭শে মার্চ সাতক্ষীরার যশোরেশ্বরী মন্দির এবং গোপালগঞ্জের ওড়াকান্দি মন্দির পরিদর্শন করবেন তিনি।

এছাড়াও গুরুত্বপূর্ণ এই সফরে বাংলাদেশ ও ভারতের বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।

দীর্ঘ ৬ বছর পর আবার বাংলাদেশ সফরে আসছেন নরেন্দ্র মোদী। ২৬শে মার্চ ঢাকায় পৌঁছালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে গার্ড অফ অনার দেয়া হবে। সফরের শুরুতেই জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন ভারতের প্রধানমন্ত্রী।

২৬ মার্চ বিকেলে জাতীয় প্যারেড গ্রাউন্ডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন মোদি। সেখানে বক্তৃতা দেয়ার পর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন তিনি। সেখান থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গিয়ে বঙ্গবন্ধু-বাপু জাদুঘর উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী।

২৭শে মার্চ সাতক্ষীরার শ্যামনগরে যশোরেশ্বরী মন্দির পরিদর্শনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করবেন ভারতের প্রধানমন্ত্র পরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানাবেন। সেখান থেকে কাশিয়ানীর ওড়াকান্দি মন্দির পরিদর্শন করতে যাবেন তিনি।

বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর, বেশ কয়েকটি প্রকল্প উদ্বোধন করা হবে। এসময় বেশ কয়েকটি সমঝোতা স্মারকে সই করবেন দুই দেশের প্রধানমন্ত্রী। রাতেই রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে ঢাকা ছাড়বেন ভারতের প্রধানমন্ত্রী।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর