নির্বাচন কমিশন (ইসি) জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত প্রতীকগুলো থেকে তিনটি প্রতীক বাদ দিয়েছে । ফলে বর্তমানে প্রতীক সংখ্যা ৬১টিতে দাঁড়ালো।
ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান জানান, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা ও প্রগতিশীল গণতান্ত্রিক পার্টি তিনটি দলের নিবন্ধন বাতিল হওয়ায়, বিধিমালা সংশোধন করে ওই তিন দলের প্রতীক বাদ দেওয়া হয়েছে।
বাদ যাওয়া প্রতীক তিনটি হলো- কাজী জাফর আহমেদের দল ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের ‘চাবি’,ফেরদৌস আহমেদ কোরেশীর দল প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির ‘বাঘা’ ও শফিউল আলম প্রধানের দল জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার ‘হুক্কা’ মার্কা।
ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার স্বাক্ষরিত বিধিমালার সর্বশেষ সংশোধন অনুযায়ী যে প্রতীকগুলো সংসদ নির্বাচনের জন্য সংরক্ষণ করা হলো সেগুলোর মধ্যে রয়েছে- নৌকা, ধানের শীষ, লাঙ্গল, মোমবাতি, কুঁড়ে ঘর, কাস্তে, মশাল, বটগাছ, একতারা, চেয়ার, ছড়ি, ছাতা, ট্রাক, আপেল, বেলুন, মই, আম, উদীয়মান সূর্য, টেলিভিশন, মটরগাড়ি (কার), মাছ, মাথাল, কুমির, কুলা, কুড়াল, কলার ছড়ি, ডাব, কাঁঠাল, তবলা, তারা, মিনার, রকেট, রিকশা, কোদাল, খাট, খেজুর গাছ, গরুর গাড়ি, গাভী, গামছা, গোলাপ ফুল, ঘণ্টা, তরমুজ, দাবাবোর্ড, দালান, দেওয়াল ঘড়ি, নোঙ্গর, ফুলকপি, ফুলের মালা, বাই-সাইকেল, বাঁশি, বেঞ্চ, শঙ্খ, সিংহ, স্যুটকেস, হাত (পাঞ্জা), হাত ঘড়ি, হাত পাখা, হাতুড়ি, হারিকেন ও চাকা।
বার্তাবাজার/কে.কে