বেনাপোলে স্বর্ণের বারসহ পাচারকারী আটক

যশোরের বেনাপোলে ৪ স্বর্ণের বার ও মোটরসাইকেলসহ আব্দুল জলিল (৩৫) নামে এক সোনা পাচারকারীকে আটক করেছে বিজিবি। রোববার (১৪ মার্চ) দুপুরে উপজেলার বোয়ালিয়া গ্রাম থেকে আমড়াখালি বিজিবি চেকপোস্টের সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করেন।

আটক আব্দুল জলিল বেনাপোল পোর্ট থানার ছোটআঁচড়া গ্রামের মৃত মহারম আলীর ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমড়াখালী চেকপোস্টে কর্মরত হাবিলদার মো. নুরুল ইসলামের নেতৃত্বে একটি টিম বোয়ালিয়া গ্রামের এবি ইটভাটার সামনে অবস্থায় করেন। এসময় একটি মোটরসাইকেলের গতিরোধের নির্দেশ দেয়। চালক মোটরসাইকেল না থামিয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়।

এরপর তার দেহ তল্লাশি করে চার পিস সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধার করা সোনার বারের ওজন ৪৩৪ গ্রাম। যার বাজারে বর্তমান মূল্য ৩১ লাখ ৪০ হাজার টাকা। জব্দ করা সোনাসহ আটক আব্দুল জলিলকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে বলেও জানান।

বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর