টাঙ্গাইলের পাকুল্যা বাজারে ভয়াবহ অগ্নিকান্ড

টাঙ্গাইলের মির্জাপুরে পাকুল্যা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৪ মার্চ) রাতে একটি পেট্রোলের লড়ি থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।

জানা যায়, পাকুল্যা বাজারের মেঘনা পেট্রোলিয়ামের ডিলার মনোরঞ্জনের সাহার গুদামের সামনে একটি পেট্রোলের লড়ি থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে গুদাম এবং আশপাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন।

কিন্তু আগুনের লেলিহান শিখার ব্যাপকতা ছড়িয়ে পড়লে মির্জাপুর ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকান্ডে পাকুল্যা বাজারের পাঁচটি দোকান এবং জামুর্কী ইউপি চেয়ারম্যানের বৈঠকখানা পুড়ে গেছে বলে জানা গেছে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক রেজাউল করিম এ বিষয়টি বার্তা বাজারকে নিশ্চিত
করেছেন।

রেজাউল করিম বার্তা বাজারকে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তেলভর্তি ট্যাঙ্ক লরিতে তেল আনলোড করার সময় আগুন ধরে যায়। এসময় আশপাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে।

এতে তেলের দোকান, কাপড়ের দোকান ও ইউপি চেয়ারম্যানের টিনের বাংলোসহ পাঁচটি দোকানে ক্ষতিগ্রস্ত হয়। তবে কেউ হতাহত হয়নি।

মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) গিয়াস উদ্দিন বার্তা বাজারকে জানান, রাত ৯টার দিকে আগুন পুরাপুরি নিয়ন্ত্রনে এসেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে স্থানীয়রা ধারনা করছেন।

হাসান/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর