বিদেশে চাকুরি দেওয়ার নামে ন্যূনতম প্রতারণাও মানবপাচারের শামিল

বৈদেশিক কর্মসংস্থানে দালালের দৌরাত্ম্য ও প্রতারণা রোধে আইন প্রয়োগে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

বিদেশে চাকুরি দেওয়ার নামে ন্যূনতম প্রতারণাও মানবপাচারের শামিল উল্লেখ করে তিনি বলেন, মানব পাচারের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মন্ত্রী বলেন, দেশের অর্থনীতি অনেকাংশে রেমিট্যান্সের উপর নির্ভরশীল এবং দিন দিন রেমিট্যান্স প্রবাহ বেড়েই চলছে।

রোববার (১৪ মার্চ) ঢাকায় প্রবাসী কল্যাণ ভবনের বিজয় ৭১ অডিটোরিয়ামে মন্ত্রণালয় ও ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) কর্তৃক নির্বাহী ম্যাজিস্ট্রেটদের জন্য আয়োজিত ‘শ্রম অভিবাসন সংক্রান্ত অপরাধ দমনে মোবাইল কোর্ট পরিচালনা’ শীর্ষক দুই দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।

ন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, গ্লোবাল কম্প্যাক্ট ফর মাইগ্রেশনের লক্ষ্যসমূহ বাস্তবায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। নিরাপদ শ্রম অভিবাসন বাস্তবায়নের লক্ষ্যে আইনি বিধিবিধান সঠিকভাবে প্রয়োগের কোনো বিকল্প নাই।

এতে আরো বক্তব্য রাখেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র মহাপরিচালক মোঃ শামছুল আলম, আইওএম মিশন প্রধান গিওর্গি গিগাউরি, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ নাজীবুল ইসলাম, ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান।

এ কর্মশালায় ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ৩২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট অংশগ্রহণ করেন। পরবর্তীতে আরো ৫৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হবে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর