আজ শপথ নিলেন রাজশাহী বিভাগের আট পৌর মেয়র

আজ দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রাজশাহী বিভাগের আট পৌরসভার নবনির্বাচিত মেয়ররা শপথ গ্রহণ করেছেন। একইসঙ্গে আট পৌরসভার সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর ৭১ জন ও সংরক্ষিত নারী ওয়ার্ডের ২৪ জন কাউন্সিলরও শপথ নেন।

রোববার (১৪ মার্চ) দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নবনির্বাচিত মেয়রদের শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে তাদের শপথবাক্য পাঠ করান- রাজশাহী বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর। অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন রাজশাহী বিভাগের আট পৌরসভার ১০৩ জনপ্রতিনিধি।

রাজশাহী বিভাগীয় কমিশনার গোদাগাড়ী পৌরসভার নবনির্বাচিত মেয়র মনিরুল ইসলাম বাবু, তাহেরপুরের আবুল কালাম আজাদ, তানোরের ইমরুল হক, শিবগঞ্জের সৈয়দ মনিরুল ইসলাম, নওহাটার হাফিজুর রহমান হাফিজ, বড়াইগ্রামের মাজেদুল বারী নয়ন, আক্কেলপুরের শহীদুল বারী চৌধুরী এবং কালাইয়ের মেয়র রাবেয়া সুলতানাকে একসঙ্গে শপথবাক্য পাঠ করান।

এরপর সংরক্ষিত নারী ওয়ার্ডের কাউন্সিলর এবং শেষে সাধারণ কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করানো হয়।

স্থানীয় সরকার বিভাগের রাজশাহী বিভাগীয় পরিচালক মো. জিয়াউল হক ও উপ-পরিচালক ড. চিত্রলেখা নাজনীন শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর