সিরাজগঞ্জে আবারো শিশু চুরি, ৬ ঘন্টা পর উদ্ধার
সিরাজগঞ্জে আড়াই মাস বয়সী এক শিশু চুরি যাওয়ার ঠিক ছয় ঘণ্টা পর চেকপোস্ট বসিয়ে শিশুটিকে মায়ের কোলে তুলে দিয়েছে থানা পুলিশ।
রোববার (১৪ মার্চ) সকাল সাড়ে ছয়টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের কদমপাল গ্রামে এ ঘটনা ঘটে। পরে পাশ্ববর্তী কামারখন্দ উপজেলার ভদ্রঘাট বাজারে চেকপোস্ট বসিয়ে শিশুটিকে জীবিত উদ্ধার করে সদর থানা পুলিশ।
বিকেল ৫টার দিকে সদর থানা চত্বরে পুলিশ সুপার হাসিবুল আলম (বিপিএম) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বলেন, তিন সন্তানকে নিয়ে মা মোছাঃ নার্গিস বেগম রাতে ঘুমান। পাশের ঘরে ঘুমান স্বামী মো. সুলতান। সকালে ঘুম থেকে উঠে বড় বোন আড়াই মাস বয়সী ছোঁয়া মনিকে দেখতে না পেয়ে বিষয়টি বাবাকে জানান।
পরে শিশুটির চাচা মাে. ইউসুফ থানা পুলিশকে মুঠোফোন জানালে ব্যাপক তল্লাশি ও জিজ্ঞাসাবাদের মাধ্যমে সুনির্দিষ্ট তথ্য পেয়ে ছোঁয়া মনিকে জীবিত উদ্ধার করে মায়ের কোলে তুলে দেয়া হয়। তবে ঘটনার রহস্য জানতে বর্তমানে শিশুটির বাবা-মাসহ সাত জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
এম এ মালেক/বার্তাবাজার/হৃ.আর