বগুড়ায় ছাত্রাবাস থেকে যুবকের মরদেহ উদ্ধার

বগুড়ার নন্দীগ্রাম পৌর রহমান নগর এলাকায় ছাত্রাবাস থেকে মইনুল (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। রবিবার (১৪ মার্চ) সকাল ১১টায় মিলি ছাত্রাবাসে এ ঘটনা ঘটে।

সে নাটোর জেলার সিংড়া উপজেলার গুটিয়া গ্রামের আব্দুল করিমের ছেলে। নন্দীগ্রামে মিলি ছাত্রাবাসে থেকে একটি ওষুধের দোকানে সে কাজ করতো।

পুলিশ জানায়, মইনুল প্রতিদিনের ন্যায় রাতে উক্ত মিলি ছাত্রাবাসের ভাড়াকৃত রুমে ঘুমিয়ে পড়ে। পরের দিন অনেক বেলা হয়ে গেলেও ঘুম থেকে না ওঠায় ছাত্রাবাসের মালিক তার সাড়া না পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে মইনুলের মরদেহ উদ্ধার করে। এ সময় মরদেহের পাশে একটি চিরকুট পায় পুলিশ।

চিরকুটে লেখা ছিল, প্রিয় বাবা-মা আমি তোমাদের ছেলে মইনুল। তোমাদের ছেড়ে চলে গেলাম। এর জন্য কেউ দায়ী নয়। আমি আবারও বলতেছি আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি বাবার কাছে এক লাখ টাকা পাবো, সেই টাকা যেন বড় ভাই আরিফুলকে দিয়ে দেয়। এবং ছানোয়ারের কাছ থেকে যে টাকা পাব সেটা যেন না নেয়। তাদের দুজনকে দিয়ে দেয়। আমি তাদেরকে দিয়ে গেলাম। আমার গলায় ক্যান্সার হয়েছে। আমি কষ্ট করে মরার চেয়ে জীবন দিয়ে গেলাম। এর জন্য কেউ দায়ী নয়। তোমাদের ছোট ছেলে মইনুল।

ঘটনাটি নিশ্চিত করে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বার্তা বাজারকে বলেন, খবর পেয়ে ছাত্রাবাসের রুম থেকে মইনুলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এসময় ঘটনাস্থলেই একটি চিরকুট পাওয়া গেছে।

প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, বিষ জাতীয় কিছু খেয়ে তিনি আত্মহত্যা করেছেন।

নাজমুল/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর