পিতা হত্যার দায়ে পুত্রের মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন জামালপুরের জেলা ও দায়রা জজ আদালত। আদালতের বিচারক মোঃ জুলফিকার আলী খাঁন রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে এই দন্ডাদেশ প্রদান করেন।
রাষ্ট্র পক্ষের আইনজীবী নির্মল কান্তি ভদ্র জানান, ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি দুপুরে নিজের ফসলি জমি দেখতে বাড়ি থেকে বের হন জামালপুর সদর উপজেলার দক্ষিণ কৈডোলা গ্রামের আলহাজ্ব ইমান আলী। তিনি কৈডোলা দাখিল মাদরাসার কাছে পৌছলে তার দ্বিতীয় পুত্র মোঃ সবুজ মিয়ার সাথে জমি সংক্রান্ত বিরোধে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে পিতাকে বেধড়ক পিটিয়ে আহত করে। গুরুতর আহত ইমান আলীকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান। এ ঘটনায় নিহতের বড় ছেলে বাদল মিয়া বাদী হয়ে জামালপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
স্বাক্ষ্য প্রমাণ শেষে বিচারক মোঃ জুলফিকার আলী খাঁন পিতা হত্যার দায়ে পুত্র মোঃ সবুজ মিয়াকে মৃত্যুদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ডের আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামী সবুজ মিয়া আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
আলমগীর হোসেন/বার্তাবাজার/হৃ.আর