প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেনাপ্রধান আজিজ আহমেদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি এবং সরকার ও রাষ্ট্রবিরোধী বক্তব্য দেওয়ার অভিযোগে বাবুল হোসেন খাঁন (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত বাবুল হোসেন খাঁন (৪৫) গাজীপুরের জয়দেবপুর থানাধীন রাজেন্দ্রপুরের জানাকুর এলাকার বাসিন্দা।
শুক্রবার (১২ মার্চ)তাঁর বিরুদ্ধে জয়দেবপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত বাবুলকে গ্রেফতার করে।
মামলা সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেনাপ্রধান আজিজ আহমেদ ও সরকার দলীয় নেতাদের বিরুদ্ধে অনেকদিন ধরে কটূক্তি এবং রাষ্ট্রবিরোধী পোস্ট করে আসছিলেন বাবুল।
মনির হোসেন সুমন বাদী হয়ে সরকার ও আওয়ামী লীগের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করে দেশের সুনাম নষ্ট করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেন।
মামলার বাদী মনির বলেন, বাবুল হোসেন বাংলাদেশের একজন নাগরিক হয়ে দেশের সরকার, সরকারপ্রধান প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে যাচ্ছেন। এতে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তাই আমি দেশের স্বার্থে মামলাটি করেছি। মামলা করায় এরই মধ্যে আমাকে আসামিরা বিভিন্নভাবে মামলা তুলে নিতে হুমকি দিতে শুরু করেছে। তাই আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।
জয়দেবপুর থানার ওসি মামুন আল রশিদ বলেন, মনির হোসেন সুমন নামের এক সংবাদকর্মীর অভিযোগের ভিত্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বর্তমান সেনাপ্রধানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার ছড়ানোর অভিযোগে বাবুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
বার্তাবাজার/হৃ.আর