ফরিদপুরে পল্লীকবি জসীম উদ্দীনের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত

আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যে লালিত প্রথম পূর্ণাঙ্গ আধুনিক কবি, পল্লী কবি জসীম উদ্‌দীনের ৪৫ তম মৃত্যুবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।

রবিবার (১৪ মার্চ) সকাল ৮টায় সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের পল্লীকবির কবরস্থানে পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক অতুল সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা, আনসার উদ্দিন উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। এ সময় কবি’র স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পুস্পস্তব অর্পণ শেষে কবি’র বাড়ি প্রাঙ্গণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক দীপক কুমার রায় এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সরকারী রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশারফ আলী, সাবেক অধ্যক্ষ ফরিদপুর মেডিকেল কলেজ এর আ স ম জাহাঙ্গীর চৌধুরী টিটু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রেজা প্রমুখ।

উল্লেখ্য, জসীম উদ্‌দীন ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলা সদরের তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। মোহাম্মাদ জসীম উদ্‌দীন মোল্লা তার পূর্ণ নাম হলেও তিনি জসীম উদ্‌দীন নামেই পরিচিত। বাবার নাম আনসার উদ্দিন মোল্লা। তিনি পেশায় একজন স্কুল শিক্ষক ছিলেন। মা আমিনা খাতুন ওরফে রাঙাছুট। পল্লী কবি ১৯৭৬ সালে আজকের এই দিনে ঢাকায় মৃত্যুবরণ করেন। তার শেষ ইচ্ছা অনুসারে তাকে নিজ বসত প্রাঙ্গণ ফরিদপুর জেলার আম্বিকাপুর গ্রামে তার দাদীর কবরের পাশে দাফন করা হয়।

জসীম উদ্‌দীন একজন বাঙালি কবি, গীতিকার, ঔপন্যাসিক ও লেখক। ‘পল্লীকবি’ উপাধিতে ভূষিত, জসীম উদ্‌দীন আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যে লালিত প্রথম পূর্ণাঙ্গ আধুনিক কবি। ঐতিহ্যবাহী বাংলা কবিতার মূল ধারাটিকে নগরসভায় নিয়ে আসার কৃতিত্ব জসীম উদ্‌দীনের।

মিয়া রাকিবুল/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর