পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আজ মাঠে নামে বাংলাদেশ ইমার্জিং দল ও আয়ারল্যান্ড উলভস। মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরিতে ভর করে ২৬০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ফেরেন অধিনায়ক সাইফ হাসান। ১৪ বলে ৩ রান করে মার্ক অ্যাডায়ারের বলে ফিরেন তিনি। এরপর আরেক ওপেনার আনিসুল হক ইমন জয়কে নিয়ে দলের হাল ধরেন।
তবে ৩১ বলে ৮ চারে ৪১ রান করে ইমন ফিরলে তাদের জুটি ভাঙে। ৪৯ রানের জুটি গড়েন তারা। ইমনের বিদায়ের পর তৌহিদ হৃদয়কে নিয়ে ৪৫ রানের জুটি গড়েন জয়। ৩৯ বলে ১ চারে ২০ রান করে ফিরেন হৃদয়।
এরপর শাহাদাত হোসেন দিপু ১৩, শামীম হোসেন পাটোয়ারী ১১ রান করে সাঝঘরে ফিরেন। সাত নম্বরে নেমে ৩৩ রানের ইনিংস খেলেন মাহিদুল ইসলাম অঙ্কন। অঙ্কনকে নিয়ে ৭১ রানের জুটি গড়েন জয়।
১২৪ বলে লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথম সেঞ্চুরি তুলে নেন জয়। শেষ পর্যন্ত ১৩৫ বলে ৯ চার ও ৩ ছয়ে ১২৩ রানের ইনিংস খেলেন তিনি। এতে ৪৯.৪ ওভারে ২৬০ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ ইমার্জিং দল।
আয়ারল্যান্ড উলভসের হয়ে মার্ক অ্যাডায়ার ৩টি, রুহান প্রিটোরিয়াস ও হ্যারি টেক্টর ২ টি করে, গ্যারেথ ডেলানি ও পিটার চেজ ১ টি করে উইকেট শিকার করেন।
বার্তাবাজার/নব