ন্যায় বিচার পাবার নিশ্চয়তা পেলেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে প্রত্যাশা দলটির আইনজীবীদের।
বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২১শে আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলার যাবজ্জীবন সাজা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। এছাড়া দুর্নীতিসহ আরো ৩টি মামলায় সাজা পাওয়া পলাতক আসামী তিনি।
বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, খালেদা জিয়া যেভাবে আইনকে অনুসরণ করেছেন তারেক রহমানও আইনের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু উনাকে যেভাবে অবৈধভাবে সাজা দেয়া হয়েছে এভাবেতো কোন কিছু করা যাবে না। কারণ আইন সবার জন্য সমান থাকতে হবে।
বিএনপির মানবাধিকার বিষয়ক কমিটির সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন বলেন, উনিতো কোন দাগী আসামি না। উনাকে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। উনাকে যে দণ্ড দেয়া হয়েছে মানুষ জানে কেনো এবং কি কারণে দেয়া হয়েছে। প্রতিহিংসার বশবর্তী হয়েই তাকে এসব দণ্ড দেয়া হয়েছে।
বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামাল বলেন, অর্থ পাচার মামলায় উনাকে কিন্তু সম্পুর্ন নির্দোষ প্রমাণ করা হয়েছে কিন্তু পরবর্তীতে আবার দোষী সাব্যস্ত করা হয়েছে। ২১শে আগস্ট মামলায় উনাকে সম্পুর্ন রাজনৈতিক উদ্দেশ্যে সাজা দেয়া হয়েছে।
দেশের প্রচলিত বিচার ব্যবস্থার প্রতি আস্থা নেই বিএনপির। তাই তারেক রহমান দেশে ফিরলে ন্যায় বিচার পাবেন বলে বিশ্বাস করেন না বিএনপি নেতারা।
সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ঘুষ গ্রহণের মামলায় গ্রেপ্তার তারেক রহমান ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর প্যারোলে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারের লন্ডন যান। প্যারোলের মেয়াদ শেষ হলেও দেশে ফেরেননি তিনি।
বার্তাবাজার/পি