১ মাসের বিদ্যুৎ বিল ৯ লাখ টাকা; ঘুম নেই মুদি দোকানির

ময়মনসিংহের গৌরীপুরে ভুতুড়ে বিলের তাণ্ডবে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয়রা। বিশাল অংকের ভুতুড়ে বিলের কারণে অনেকই পথে বসার উপক্রম হয়েছে। এবার হেলাল উদ্দিন নামের এক মুদি দোকানি ভুতুড়ে বিলের তাণ্ডবে পড়েছেন। ১ মাসে তার বিদ্যুৎ বিল এসেছে ৯ লাখ ২৪ হাজার ৩২৭ টাকা। এতে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

হেলাল উদ্দিন বলেন, অক্টোবর ও নভেম্বর মাসের পিডিবির বিদ্যুৎ বিল পর্যালোচনা করে মোট ১২ হাজার ৯৬০ ইউনিট হলে অক্টোবর মাসে বিদ্যুৎ বিল এসেছিল ৮ হাজার ১১৪ টাকা। কিন্তু এক মাসে রিডিং ৯৩ হাজার ৮১৪ ইউনিট উঠে যায়। এতে নভেম্বর মাসে বিদ্যুৎ বিল এসেছে ৯ লাখ ২৪ হাজার ৩২৭ টাকা।

এসব ভুতুড়ে বিদ্যুৎ বিল নিয়ে প্রতিবাদের ঝড় উঠেছে ময়মনসিংহের গৌরীপুরে। বিদ্যুৎ বিভাগে আবেদন করেও কোনো প্রতিকার পাচ্ছেন না হেলাল উদ্দিন। শুধু হেলাল নয়, এসব অনিয়ম-দুর্নীতি বন্ধ ও ভুতুড়ে বিল প্রতিকার না পেয়ে গৌরীপুর ইউপির কোনাপাড়া কদমতলী বাজারে স্থানীয়রা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ করেছেন।

হেলালের স্ত্রী নারগিস আক্তার জানান, আমাদের সাড়ে ৭ শতাংশের বাড়ি ভিটে আর কদমতলী বাজারের ৩টি দোকান বিক্রি করে দিলেও এ বিলের টাকা হবে না। অতিরিক্ত এ বিদ্যুৎ বিলের জন্য অফিসে দৌড়ঝাঁপ করতে গিয়ে ৩ বেলার খাবারও জুটছে না। এ বিদ্যুৎ বিলের চিন্তায় তার স্বামী রাতে ঘুমাতেও পারছেন না।

স্থানীয়দের অভিযোগ, মিটার না দেখেই বিদ্যুৎ বিভাগ ভুতুড়ে বিল করেছে। বিদ্যুৎ মিটারে ইউনিট কম থাকলেও তার থেকে বেশি ইউনিটের বিল করা হয়েছে।

সাবেক চেয়ারম্যান মো. হযরত আলী জানান, হেলালের সাড়ে ৭ শতাংশের বাড়ি ভিটে আর কদমতলী বাজারের ৩টি দোকান বিক্রি করে দিলেও এ বিল দেয়ার সামর্থ্য নেই।

পিডিবির গৌরীপুর আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) নিরঞ্জন কুন্ডু জানান, বিলে কোনো অসঙ্গতি ধরা পড়লে ঠিক করে দেয়া হবে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর