মাগুরার মহম্মদপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো: রায়হান কাজী (২৮) নামে এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বালিদিয়া বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঠিকাদার শামছুল ইসলাম কটনকে বিক্ষুব্ধ জনতা পিটুনি দিতে থাকে পরে মহম্মদপুর থানা পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মৃত রায়হান উপজেলার বাবুখালী ইউনিয়নের চালিমিয়া গ্রামের কুদ্দুস কাজীর ছেলে এবং ঠিকাদার প্রতিষ্ঠান আল আরাফ এর অধিনে লাইনম্যান পদে মহম্মদপুরে কর্মরত ছিলেন।
ঠিকাদার কঠনের ফোনে বিদ্যুৎ লাইন চালু করা হয়েছে বলে অভিযোগ মৃত রায়হানের পরিবারের।
জানা যায়, ঠিকাদার শামছুল ইসলাম কটনের অধিনে বৈদ্যুতিক লাইনম্যান হিসাবে খুঁটিতে ফিটিং কাজ করতো রায়হান। বৈদ্যুতিক ৩৩ কিলো ভোল্ট লাইনে কাজ করতে গিয়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইনম্যান বেল্ট বাঁধা অবস্থায় বৈদ্যুতিক খুঁটিতে ঝুলেছিলেন। এ অবস্থায় ঘটনাস্থলে ওই লাইনম্যানের মৃত্যু হয়। স্থানীয়রা তাকে ঝুলতে দেখে মহম্মদপুর ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।
এ বিষয়ে মৃত রায়হানের সহকর্মী লাইনম্যান হাবিবুর রহমান বার্তা বাজারকে জানান, ৩৩ কিলো ভোল্ট লাইন ফল্ট থাকায় বিদ্যুতের কাজ করার জন্য একটি পোলে ওঠে। সেখানে হঠাৎ করে ওই পোলের তারে বিদ্যুৎ সংযোগ চালু হওয়ায় সে বিদ্যুতায়িত হয়ে তারের সাথে আটকে যায়। ঠিকাদার রাজাপুর সাব স্টেশনে কথা না বলেই রায়হানকে বিদ্যুতের পোলে উঠে কাজ করতে নির্দেশ দেয়।
রাজাপুর সাব স্টেশন লাইন টেকনিশিয়ান সাইফুল ইসলাম বার্তা বাজারকে বলেন, একটি পোলে বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে লাইনম্যান নিহত হয়েছেন। তবে আমাদের অফিসকে কেউ অবগত করেনি। রেজিষ্টার বইয়ে কোন উল্লেখ নেই। নিজ মতে ৩৩ কিলো ভোল্ট লাইনে কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
মহম্মদপুর থানার ওসি (তদন্ত) মামুন বিশ্বাস বার্তা বাজারকে জানান, এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
তাছিন জামান/বার্তাবাজার/হৃ.আর