রোববার আদালতে যাচ্ছেন কাদের মির্জার বিরোধী পক্ষের লোক

নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানা পুলিশ কাদের মির্জার বিরোধী পক্ষের মামলা রেকর্ড না করায় রোববার (১৪ মার্চ) আদালতে যাবেন তারা।

আওয়ামী লীগের বিবদমান দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ এবং উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের ওপর হামলা ও নিহত আলাউদ্দিন হত্যার ঘটনায় দুটি মামলায় মেয়র আবদুল কাদের মির্জাকে প্রধান আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছিল।

কিন্তু পুলিশ ওই দুটি মামলা রেকর্ড না করায় মুক্তিযোদ্ধা খিজির হায়াতের স্ত্রী কোম্পানীগঞ্জ মহিলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভীন এবং নিহত সিএনজি চালক ও শ্রমিক লীগ কর্মী আলাউদ্দিনের ভাই মো. ইমদাদ হোসেন রোববার সকালে নোয়াখালীর আদালতে মামলা দায়ের করবেন বলে নিশ্চিত করেছেন।

নিহত শ্রমিক লীগ কর্মী আলাউদ্দিনের ছোটভাই মো. ইমদাদ হোসেন গত বৃহস্পতিবার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে প্রধান আসামি, তার ভাই শাহাদাত হোসেন ও ছেলে মির্জা মাশরুর কাদের তাশিকসহ ১৬৪ জনের নাম উল্লেখ করে ৩০-৪০ জন অজ্ঞাতনামার বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় হত্যা মামলার এজাহার দিয়েছিলেন। কিন্তু শুক্রবার দুপুর পর্যন্ত পুলিশ এমদাদ হোসেনের দেয়া এজাহারটি রেকর্ড করেনি।

নিহত আলাউদ্দিনের ছোটভাই এমদাদ হোসেন শনিবার বিকালে বলেন, শুক্রবার পর্যন্ত কোম্পানীগঞ্জ থানা পুলিশ মামলা না নেয়ায় রোববার আদালত খোলার পর আদালতে হত্যা মামলাটি দায়ের করা হবে।

বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর