আ. লীগ দেশে রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছে, তাদেরকে সরাতে হবে: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাতে হবে। স্বাধীনতা যুদ্ধের গণতান্ত্রিক চেতনা ও স্বাধীন রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে আওয়ামী লীগ দেশে রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছে। এর থেকে বেরিয়ে আসতে হবে।

শনিবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বিএনপির স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে মির্জা ফখরুল এ কথা বলেন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে দলটির চিকিৎসা ও সেবা কমিটির উদ্যোগে সারাদেশের মহানগরে একযোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। রক্তদানের পাশাপাশি রোগীদের চিকিৎসাপত্র ও বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়।

মির্জা ফখরুল ইসলাম অভিযোগ করেন, আওয়ামী লীগের এখন একটাই লক্ষ্য- বাংলাদেশকে লুট করে নেওয়া। ‘খোকা ঘুমালো পাড়া জুড়ালো/বর্গী এলো দেশে’- ছোটবেলার সেই গানের মতো বর্গীদের ভূমিকায় নেমেছে ক্ষমতাসীনরা। বর্গীরা যেমন দেশের সম্পদ লুট করে নিয়ে যেত, সেভাবে আজ তারা সমস্ত বাংলাদেশকে লুট করে নিয়ে যাচ্ছে। তারা কানাডার বেগমপাড়ায় অথবা মালয়েশিয়া অথবা আমেরিকা-ফ্লোরিডাতে, ইংল্যান্ডে বাড়িঘর তৈরি করছে।

বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ কখনোই জনগণের বন্ধু ছিল না। অথচ পাকিস্তান আমলে এই দলটি সবার কাঁধে কাঁধ মিলিয়ে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে। কিন্তু স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগের চরিত্র সম্পূর্ণ বদলে গেছে। তারা গণতন্ত্রের মধ্যে আর নিজেদের ধারণ করতে পারছে না।

তার মতে, এখন আওয়ামী লীগই সব। তারাই মালিক, আমরা হচ্ছি সব প্রজা। তারা হচ্ছে প্রভু, আমি হচ্ছি দাস, সাধারণ মানুষ দাস।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, এক যুগ ধরে বাংলাদেশে শুধু একটি দল ক্ষমতায় টিকে থাকার জন্য মুক্তিযুদ্ধের ইতিহাসকে, স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করছে। বর্তমান প্রজন্মকে বিভ্রান্ত করছে। সে জন্য আমরা প্রকৃত ইতিহাস তুলে ধরতে চাই।

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব অধ্যাপক আবদুস সালামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন আবদুস সালাম, এম এ সেলিম, জহিরুল ইসলাম শাকিল, শহিদুল আলম

বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর