“পেটের ভেতরে গজ রেখে সেলাইয়ের ঘটনায় তদন্তের শেষে ব্যবস্থা”
স্বাস্থ্য বিভাগের সচিব আব্দুল মান্নান বলেছেন, টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পেটের ভেতরে গজ রেখে যে সেলাই করা হয়েছে সে বিষয়ে তদন্তের রিপোর্টের আলোকে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। অতীতে স্বাস্থ্য খাতে যত নৈরাজ্য ছিলো, এখন আর সেটা নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা দিয়েছেন, যত অনিয়ম দুর্নীতির আছে স্বাস্থ্য খাতে সেগুলো মুক্ত করতে হবে।
শনিবার (১৩ মার্চ) বিকেলে টাঙ্গাইলে নির্মানাধীন শেখ হাসিনা মেডিকেল কলেজের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সম্প্রতি ইংল্যান্ডে নতুন ধরনের করোনা ভাইরাস আবিস্কার হলেও আমাদের দেশে এখনও এই ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া যায়নি। নতুন এই ভাইরাসের ব্যাপারে স্বাস্থ্য বিভাগ সতর্ক রয়েছে। বিদেশ থেকে কেউ দেশে আসলেই তাকে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখার ব্যাবস্থা করা হচ্ছে।
স্বাস্থ্য বিভাগের সচিব আব্দুল মান্নান বলেছেন, এপর্যন্ত ৪৫ লাখ মানুষকে ভ্যাকসিন দেয়া হয়েছে। ভ্যাকসিনের কারনে কেউ মারা যায়নি। যে কয়জন মারা গেছেন তারা বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন সেই কারনেই মারা গিয়েছে। ভ্যাকসিন কার্যক্রম খুবই সফলতার সাথে যাচ্ছে। দেশে তিন কোটি ভ্যাকসিন শেষ হবার পর আরো তিন কোটি ভ্যাকসিন আনা হচ্ছে এবং কেভিক্স থেকে আরা ৪ কোটি ভ্যাকসিন পাওয়া যাচ্ছে।
বর্তমানে যে গতিতে ভ্যাকসিন কার্যক্রম চলছে বাকী দিনগুলো এই ধারাবাহিকতা অব্যাহত রাখা হবে। এবং এই কার্যক্রম শেষ পর্যন্ত ধরে রাখতে পারলে সারা দুনিয়ায় একটি নজির হবে। ইতিমধ্যেই সারা বিশ্বে বাংলাদেশ সুনাম অর্জন করেছে।
এসময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন এমপি, টাঙ্গাইল-৪ আসনের সাংসদ হাসান ইমাম খান সোহেল হাজারী এমপি, স্বাস্থ্য বিভাগের ডিজি খন্দকার সাদেকুর রহমান, টাঙ্গাইল জেলা প্রশাসক ড.আতাউল গনি, টাঙ্গাইল মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডা. নুরুল আমিনসহ মেডিকেল কলেজের অন্যান্য কর্মকর্তারা।
উল্লেখ্য, টাঙ্গাইলে জেনারেল হাসপাতালে অপারেশনের সময় এক মহিলার পেটের ভেতরে গজ রেখে সেলাইয়ের ঘটনায় হাসপাতালের ডিডি খন্দকার সাদেকুর রহমান একটি চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির সদস্যরা হচ্ছেন- সার্জারী বিভাগীয় প্রধান এজিএম মোস্তফা, ডাক্তার রেহানা পারভীন, প্রফেসর ডাক্তার হাবিবুল্লাহ ও ডাক্তার শফিকুল ইসলাম সজীব। এই কমিটিকে আগামী ৭দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
হাসান সিকদার/বার্তাবাজার/হৃ.আর