টাঙ্গাইলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নজরুল ইসলাম (৫০) নামের এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় অপর মোটরসাইকেলের দুই জন আহত হয়েছেন। শনিবার (১৩ মার্চ) দুপুরের দিকে সদর উপজেলার গালা ইউনিয়নের মাগুড়াটা মনতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ এএসআই নবীন এ বিষয়টি বার্তা বাজারকে নিশ্চিত করেছেন।
নিহত নজরুল ইসলাম সদর উপজেলার মগড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ছোট বাসালিয়া গ্রামের ইনছান আলী ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইউপি সদস্য নজরুল ইসলাম মোটরসাইকেলে টাঙ্গাইল শহর থেকে তার গ্রামের বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত থেকে আসা আরেক মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ইউপি সদস্য নজরুল ইসলাম ছিটকে রাস্তার পাশে পড়ে গাছের সঙ্গে লেগে আঘাত পান। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ সময় অপর মোটরসাইকেলের দুই জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন। নিহতের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।
হাসান সিকদার/বার্তাবাজার/হৃ.আর