ওবায়দুল কাদেরের ঘড়ি নিয়ে যা বললেন মির্জা ফখরুল

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের হাতঘড়ি নিয়ে কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘পত্র-পত্রিকায় বের হয়েছে যে, তার ঘড়িগুলোর দাম নাকি ৩৬ লাখ, ৫২ লাখ এবং ১ কোটি, এই রকম দামের। আসলে দাম কত আমরা সেটা জানি না।’

শনিবার (১৩ মার্চ) জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে বিএনপির স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে ‘ফ্রি চিকিৎসা সেবা, বিনামূল্যে ঔষধ বিতরণ ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি’ উদ্বোধন করার সময় এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘তার (ওবায়দুল কাদের) কথায় আমরা সবাই বিনোদন পাই ও কৌতুকবোধ করি। তার কথা বলার, বসে থাকার ভঙ্গিটা খুব সুন্দর। তিনি যে আসনে বসে কথা বলেন, সেটাও খুব সুন্দর। তিনি দেখতে অত্যন্ত সুদর্শন মানুষ। চমৎকার কটি পরে, তার উপরে নৌকা মার্কার পিন পরেন।’

তিনি আরও বলেন, ‘সাধারণ সম্পাদক সাহেব বিএনপিকে নিয়ে কথা বলেন। অন্যদিকে বলেন যে বিএনপি নাই। তাহলে প্রত্যেকদিন কেনো বিএনপিকে নিয়ে কথা বলেন? কারণ সবাই জানে বিএনপি আছে, খুব ভালো করেই আছে এবং আপনাদের উপর চড়াও হয়ে বসে আছে বলেই প্রতিদিন বিএনপিকে নিয়ে কথা বলেন।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘আপনার (ওবায়দুল কাদের) তো লজ্জা হওয়া উচিত। আপনার এলাকায় কি হচ্ছে? পত্রিকায় এসেছে, সেখানে একজন সাংবাদিকসহ দুইজন খুন হয়েছে। তাদের মধ্যে মৃত শ্রমিকের ভাই মামলা করতে গিয়েছিল কিন্তু পুলিশ মামলা নেয়নি।

কাদের মির্জার বিপক্ষে মামলা নেয় নাই। কারণ তিনি তো শুধু কাদের মির্জা নন। তিনি বাংলাদেশের দ্বিতীয় শক্তিশালী ওবায়দুল কাদের সাহেবের ভাই। কোথায় আপনার সুবিচার? কোথায় গণতন্ত্র ও ন্যায়ের শাসন? তাই আমি বলেছি, বিএনপির সমালোচনা করার আগে আপনারা আপনাদের নিজের ঘর সামলান।’

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর