নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা বলেন, আমাকে হত্যার চেষ্টা চলছে। প্রতিনিয়ত আমার নেতাকর্মীদের হয়রানি করছে প্রশাসন।
শনিবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১০টায় বসুরহাট পৌরসভা কার্যালয়ে এক সংবাদ সম্মেলন কাদের মির্জা এ অভিযোগ করেন।
তিনি বলেন, গত কয়েকদিনে আমার ৭-৮ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বাড়িতে ডিবি পুলিশ অভিযান চালাচ্ছে। এমনকি তাদের পরিবারের লোকজনকেও নির্যাতন করা হচ্ছে। এখানে সবকিছুই একতরফা হচ্ছে। প্রশাসনও আমার বিরুদ্ধে কাজ করছে। গতকাল এমপি একরামের বাড়িতে আমাকে হত্যার পরিকল্পনা করা হয়েছে।
কাদের মির্জা আরও বলেন, আমি নিজে নিরাপত্তাহীনতায় না ভুগলেও আমার নেতাকর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। আমার শরীরে এক ফোটা রক্ত থাকা অবস্থায় আমি এখান থেকে নড়বো না।
তিনি বলেন, সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির ও অটোরিকশাচালক আলাউদ্দিন হত্যার ঘটনার বিচার বিভাগীয় তদন্ত গোয়েন্দা সংস্থা এনএসআই ও ডিজিএফআইকে দিয়ে করতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করবো। তদন্তে যদি আমি বা আমার কোনো কর্মীর অপরাধ প্রমাণিত হয়, তিনি যে শাস্তি দেবেন তা আমরা মাথা পেতে নেবো।
তিনি আরও বলেন, আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমি আর কোনো কর্মসূচি দেব না।
বার্তাবাজার/নব