ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নিমবাড়ি গ্রামে শনিবার সকালে হওয়া দুই পক্ষের সংঘর্ষে ফায়েজ মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ফায়েজ নামিবাড়ি গ্রামের লাবু মিয়ার ছেলে।
এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষে আহতরা ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল ও কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
মূলগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মঈনুল ইসলাম সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নিমবাড়ি গ্রামের শাক্কু মিয়ার সাথে একই গ্রামের রতন মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এরই জের ধরে শনিবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের ঘটনায় প্রতিপক্ষের হামলায় রতন মিয়ার সমর্থক ফায়েজ মিয়া মারা যান।
কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর ভূঞা জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে তিনি জানান।
মোঃ রাসেল আহমেদ/বার্তাবাজার/পি