রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে টানা চতুর্থ হার দেখলো বাংলাদেশ লিজেন্ডস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বড় সংগ্রহ গড়েও হার এড়াতে পারলেন না রফিক-আফতাবরা।
নাজিমউদ্দিন, মেহরাব হোসেন অপি, আফতাব আহমেদ ও মোহাম্মদ শরীফের দুর্দান্ত ব্যাটিংয়ে ১৬৯ রান করে বাংলাদেশ লিজেন্ডস। জবাবে ব্যাট করতে নেমে ৭ বল ও ৫ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় উইন্ডিজ লেজেন্ডস।
প্রথমে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৬৪ রান আসে বাংলাদেশের। ৩ চার ও ২ ছয়ে ৩৩ রান করে নাজিমউদ্দিন ফিরলে এ জুটি ভাঙে। দ্বিতীয় উইকেটে আফতাবকে নিয়ে ৫৭ রান তুলেন মেহরাব।
দলীয় ১২১ রানে উইকেটের পেছনে ধরা পড়ে ফিরেন আফতাব। তিনি ৪ চার ও ১ ছয়ে ৩১ রান করেন। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান আসে মেহরাবের ব্যাট থেকে।
শেষের দিকে মোহাম্মদ শরীফ ১৩ বলে ৩ ছয়ে ২৬ রান করে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৬৯ রানে। উইন্ডিজদের পক্ষে সুলেমান বেন ৩টি ও রায়ান অস্টিন ২টি উইকেট নেন।
১৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪১ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে উইন্ডিজরা। তবে রিডলি জ্যাকবস, ক্রিক এডওয়ার্ডস ও ব্রায়ান লারার দুর্দান্ত ব্যাটিংয়ে জয় পায় উইন্ডিজরা।
জ্যাকবস ৩৪ ও এডওয়ার্ডস ২৮ বলে ৪৬ রানের ইনিংস খেলেন। অন্যদিকে লারা ২৩ বলে অপরাজিত ৩১ ও মাহেন্দ্র নাগামুতো ১০ বলে ১৬ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।
বাংলাদেশের হয়ে আব্দুর রাজ্জার ২টি, মুশফিকুর রহমান ও মোহাম্মদ রফিক ১টি করে উইকেট শিকার করেন।
বার্তাবাজার/নব