আখাউড়ায় দুর্ধর্ষ ডাকাতি: নগত টাকাসহ মালামাল লুট, আহত ৪
ব্রাহ্মাণবাড়িয়ার আখাউড়ায় পাশাপাশি দুই গ্রামে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ১০ থেকে ১৫ জনের একটি ডাকাত দল বাড়ির লোকজনদেরকে জিম্মি ও মারধর করে নগত টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।
শুকবার(১২ মার্চ) ভোররাত ৩টার সময় জেলার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের দ্বিজয়পুর গ্রামের সৌদি প্রাবসী মোঃ সিরাজ মিয়ার বাড়িতে ও একি ইউনিয়নের সাতপাড়া গ্রামের বারু ভূইয়ার বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।
এই সময় ডাকাত দল সৌদি আরব প্রবাসী মোঃ সিরাজ মিয়ার বাড়ি থেকে ৮০ হাজার টাকা, ৫টি মোবাইল, ৫টি টর্চ লাইট, ৬টি হাতগড়িসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।
জানা যায়, সিরাজ মিয়ার বাড়িতে ডাকাতি শেষ করে বারু ভূইয়ার বাড়িতে ডাকাতি করতে আসলে, ডাকাত দল প্রতিরোধে মুখে পরে দেশীয় অস্ত্রশস্ত্র ফেলে পালিয়ে যায়। এই সময় ডাকাত দলকে প্রতিরোধ করতে গিয়ে ডাকাতদের হামলায় সাতপাড়া গ্রামের বারু ভূঁইয়া(৬০), তার স্ত্রী জাহানারা বেগম (৫০) ও ছেলে নাঈম ভূঁইয়া (৩৪) এবং দ্বিজয়পুর গ্রামের সিরাজ মিয়া (৪৭) আহত হন। খবর পেয়ে তাৎক্ষণিক আখাউড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তখন আহতদের উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
বারু মিয়ার ছেলে আহত নাঈম সাংবাদিকদের জানান, ভোররাত সাড়ে ৩টার সময় ১০ থেকে ১৫ জনের একটি ডাকাত দল তার বাড়িতে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় তারা বাধা দিলে ডাকাতরা তাদের দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। তবে কোন মালামাল লুট করতে না পেরে দেশীয় অস্ত্র ফেলে পালিয়ে যায়।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ রসুল আহমেদ নিজামী বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনায় জড়িতদের আটক ও মালামাল উদ্ধারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঘটনাস্থল থেকে ডাকাতদের ফেলে যাওয়া দেশীয় বিভিন্ন অস্ত্র পাওয়া গেছে।
হাসান মাহমুদ পারভেজ/বার্তাবাজার/পি