শিবরাত্রি উপলক্ষ্যে বারো শিবালয় মন্দিরে পূজা শুরু

জয়পুরহাটের প্রাচীন ঐতিহাসিক বারো শিবালয় মন্দিরে শিবরাত্রি উপলক্ষ্যে দুই দিনব্যাপী শিব চতুর্দশী মেলা শুরু হয়েছে।

শুক্রবার (১২ মার্চ) সকালে দেশ-বিদেশের নানা এলাকার পূজারীরা এখানে ছোট যমুনা নদীতে স্নান করে শিবের মাথায় দুধ ও জল ঢেলে পূজা-অর্চনা শুরু করে।

প্রাচীন ঐতিহাসিক নিদর্শনের একটি হলো বেলআঁমলা গ্রামের বারো শিবালয় মন্দির। এই মন্দিরটি ভারত ও নেপালসহ দেশি-বিদেশি অনেক ভক্ত আর পূজারীদের কাছে তীর্থস্থান হিসাবে বেশ পরিচিত। এ মন্দিরের চারপাশে জমে উঠেছে ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা। এ মেলায় শাঁখা, সিঁদুর, পূজা সামগ্রী, খেলনাসহ নানা রকমের পসরা সাজিয়ে বসেছে দোকানিরা।

শিব ভক্ত বর্ণা রানী ও মুকুল দে সরকার বলেন, বারো শিবালয় মন্দিরে বারোটি শিব আছে। সেখানে আমরা পূজা দিয়েছি, মাথায় জল দিয়েছি। এখানে অনেক ভক্ত এসেছে। বারো শিবালয় একটি প্রাচীন ঐতিহ্যবাহী মন্দির। বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে অনেক হিন্দু ধর্মালম্বীরা এখানে এসে থাকে।

বারো শিবালয় মন্দিরের সাধারণ সম্পাদক অনিল কুমার আগরওয়ালা বলেন, দুইদিন ব্যাপী এ মেলায় প্রতি বছর দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে তীর্থ যাত্রী, ভক্তরা আসছেন। ভক্তদের জন্য অন্ন্নভোগ বিতরণের ব্যবস্থা রয়েছে।

জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র রায় বলেন, বারো শিবালয় মন্দিরের মেলায় বিশৃঙ্খল যাতে না ঘটে সেজন্য পুলিশের পাশাপাশি গ্রাম পুলিশ মোতায়েন করা হয়েছে।

মিলন রায়হান/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর