গুরতর অসুস্থ খালেদা জিয়ার চিকিৎসা বাংলাদেশে দিন দিন কঠিন হয়ে পড়ছে জানিয়ে তার অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (১২ মার্চ) দুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের জাতীয় সম্মেলনে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা তুলে ধরতে গিয়ে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, আমরা একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, একটা সংকট মুহূর্ত পার হচ্ছি। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দিয়ে আটক করে রাখা হয়েছে। তিনি অসুস্থ।
বিএনপি মহাসচিব বলেন, দুই-তিনদিন আগে আরো ৬ মাস তার সাজা স্থগিত করছে বলছে। কোথায় সাজা স্থগিত করছে? আপনারা তাকে (খালেদা জিয়া) গৃহবন্দি করে রেখেছেন। তিনি চিকিৎসার জন্য বাইরে যেতে চেয়েছেন কিন্তু তা আপনারা দেন নাই। আপনারা বাংলাদেশে রেখেই তার চিকিৎসা করতে বলছেন। যেখানে দিনে দিনে তার চিকিৎসা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াচ্ছে।
তিনি আরও বলেন, আমরা অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি চাই। নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে। আমাদের যেসব নেতা-কর্মী বন্দি আছেন আমরা তাদের সকলের মুক্তি চাই। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, আমাদের নেতা-কর্মীদের বিরুদ্ধে করা ৩৫ লাখ মামলা প্রত্যাহার করতে হবে, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে।
বার্তাবাজার/নব