ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলঙ্কা প্রথম ওয়ানডেতে ঘটে যায় এক নাটকীয় ঘটনা। এই ম্যাচে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট হয়ে সাঝঘরে ফিরেন লঙ্কান ওপেনার দানুশকা গুনাথিলাকা।
ম্যাচের ২২তম ওভারে ক্যারিবিয়ান অধিনায়ক কাইরন পোলার্ডের একটি ডেলিভারি ডিফেন্স করে রান নিতে চেয়েছিলেন গুনাথিলাকা। কিন্তু রান না নিয়ে তিনি উল্টোভাবে পপিং ক্রিজে প্রবেশ করেন। এ সময় তার পায়ে বল লেগে সরে যায়।
এতে রান আউটের সুযোগ হাতছাড়া হয়েছে এমন দাবি জানিয়ে আউটের আবেদন করেন পোলার্ড। তৃতীয় আম্পায়ার আউট দিলে মাঠ ছাড়তে হয় গুনাথিলাকাকে। ৬১ বলে ৫৫ রান করে ফিরেন তিনি। তার এই আউট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়।
রাসেল আর্নল্ড, মাইকেল ভন, ড্যারেন স্যামি, ডেইল স্টেনের মতো তারকারা গুনাথিলাকার আউটের বিরোধিতা করেছেন। গুনাথিলাকা ইচ্ছে করে এমনটি করেননি বলে দাবি জানান তারা। অনেকেই পোলার্ডের স্পোর্টসম্যানশিপ নিয়েও প্রশ্ন তুলেছেন।
এদিকে ম্যাচশেষে গুনাথিলাকার কাছে ক্ষমা চেয়েছেন পোলার্ড। বিষয়টি জানিয়েছেন গুনাথিলাকা নিজেই। তিনি বলেন, ও ম্যাচশেষে আমার কাছে ক্ষমা চেয়েছে। সে আমাকে বলে যে, সে ওই সময় ঠিকভাবে দেখেনি। পরে ভিডিও দেখে বুঝতে পেরেছে যে আমার কোনো দোষ ছিল না।
বার্তাবাজার/নব